যশোরে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামে যৌতুকের জন্যে ঝর্ণা খাতুন (২৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ১০ বছর আগে ঝর্ণা খাতুনের সঙ্গে ফারুক হোসেনের বিয়ে হয়। তাদের ২টি ছেলেসন্তান রয়েছে। গরু ব্যবসায়ী ফারুক ও ঝর্ণার সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু গত বছর থেকে যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন তিনি। গতকাল রাত ঝর্ণাকে বেধড়ক মারপিট করেন ফারুক। পরে ঘরের আড়ার সঙ্গে ঝর্নার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

ঝর্ণার ভাই তরিকুল ইসলাম বলেন, 'আমার বোনকে যখন ফারুকের সঙ্গে বিয়ে দেই তখন তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। গত বছর থেকে আমার বোনের জামাই যৌতুকের টাকার জন্য প্রায়ই বোনকে মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত আর টাকা আনতে বলতো।'

তিনি আরও বলেন, 'বোনের সুখের কথা ভেবে আমরা কয়েকবারে প্রায় ৩ লাখ টাকা দিয়েছি। কিন্তু গত কয়েকমাস ধরে তিনি আরও আড়াই লাখ টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারায় প্রায়ই আমার বোনের ওপর অত্যাচার করা হতো।'

তার দাবি, 'আমার বোন আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে হত্যা করে নিজেদের অপকর্ম ঢাকতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।'

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান বলেন, 'এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'