যশোর কারাগারে ধর্ষণ-হত্যা মামলায় ২ আসামির ফাঁসি কার্যকর
যশোর কেন্দ্রীয় কারাগারে ২ বান্ধবীকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
গতকাল সোমবার রাত পৌনে ১১টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়।
এরপর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামের মিন্টু ওরফে কালু ও একই গ্রামের আজিজ ওরফে আজিজুলের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রাত ১১টা ৫৮ মিনিটে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি জানিয়ে জেলগেটে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
তিনি বলেন, রাত পৌনে ১১টায় কালু ও আজিজের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জন এবং চিকিৎসক উপস্থিত ছিলেন।
তিনি জানান, ২ জনের শেষ ইচ্ছায় পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করানো হয়। সন্ধ্যায় তাদের মুরগির মাংস দিয়ে ভাত ও দই খাওয়ানো হয়েছে। তারা সুস্থ-স্বাভাবিক ছিলেন।
২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানার জোড়গাছা গ্রামের ২ বান্ধবীকে ধর্ষণের পর হত্যা করায় ৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা হয়। তাদের একজন বিচারাধীন অবস্থায় মারা যান এবং অপরজনকে খালাস দেন আদালত।