যুবককে বেঁধে নির্যাতন: ধামরাইয়ে নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে প্রতিবেশী ইসরাফিল হোসেনের (৩২) বাড়িতে হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন‍্য আটক করেছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ‍্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে বালিয়া ইউনিয়নের সূত্রাপুর চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মজিবর রহমান ও তার সমর্থকরা প্রতিবেশী ইসরাফিল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ইসরাফিলকে বেঁধে নির্যাতন করে।

পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করে।

এ বিষয়ে ওসি আতিকুর রহমান দ‍্য ডেইলি স্টারকে বলেন, 'বাড়িতে হামলা, ভাঙচুর ও একজনকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।'

লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

গত ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে বালিয়া ইউনিয়নে মজিবর রহমান নৌকা প্রতীক নিয়ে ৬,৬৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী পেয়েছিলেন ৩,৭৯৮ ভোট।