যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা,সাতক্ষীরা

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলায় স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম. জি আজম এই রায় দেন।

মৃত্যৃদণ্ডপ্রাপ্ত কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

আদালতের নথি থেকে জানা যায়, কার্তিক কুমার ঘোষ ২০১০ সালের ১৩ মে যৌতুকের দাবিতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা রানী ঘোষ পাটকেলঘাটা থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাজী নাসিরুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ১৩ অক্টোবর কার্তিক ঘোষসহ ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে এই ঘটনায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগ, সাক্ষ্যসহ সবকিছু পর্যালোচনা করে আজ সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামি কার্তিক ঘোষের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। একইসঙ্গে, মামলার অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দর। আসামিপক্ষে ছিলেন অ্যাড. এসএম হায়দর ও আব্দুল বারী।