রংপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম বসুনিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রংপুর নগরীর কারামতিয়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাজেদুল ইসলাম বসুনিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের মহির উদ্দিন বসুনিয়ার ছেলে এবং হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক।
মামলার নথি থেকে জানা যায়, গৃহবধূর সন্তানদের প্রাইভেট পড়াতেন মাজেদুল ইসলাম বসুনিয়া। সেসময় গৃহবধূর আপত্তিকর ছবি গোপনে ধারণ করেন মাজেদুল। গতবছর সেইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন মাজেদুল। রেহাই পেতে ভুক্তভোগী নারী এলাকা ছেড়ে রাজধানীতে চলে এলেও পিছু ছাড়েনি অভিযুক্ত আসামি। তার পরিবারের সদস্যদের কাছে সেইসব ছবি পাঠিয়ে দেন তিনি।
চলতি বছর ১১ এপ্রিল মাজেদুলকে অভিযুক্ত করে কাউনিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই সামিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলার পর থেকে অভিযুক্ত মাজেদুল পলাতক ছিলেন। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ এবং রংপুর র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর কারামতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের পর ওই দিনই অভিযোগটি নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ও পর্নোগ্রাফি আইনের ৮(১)(২)(৩) ধারায় মামলাভুক্ত করা হয়।
হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু বলেন, গত বছরের অক্টোবরে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। মাজেদুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার দায় ছাত্রলীগ নেবে না, বলেন তিনি।