রংপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যা, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, রংপুর

রংপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আশরাফুলের ছোট ভাই সিয়ামকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বাহারকাছনা জুম্মাটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার শাজাহান মিয়ার ছেলে।

রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, জুম্মাটারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৩), নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), আমাশু কুকরুল এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (১৯) ও পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন (২১)।

স্থানীয়রা জানান, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে ২ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ইয়াসিন ও আরিফুলসহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আশরাফুল ও সিয়ামকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম চিকিৎসাধীন আছেন।

রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।