রংপুরে ‘হেফাজতে মৃত্যু’: পরিবার ও স্থানীয়দের হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

রংপুরের হারাগাছে তাজুল ইসলাম নামে একজনকে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে এলাকাবাসীর থানা ঘেরাও, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়দের হয়রানি না করতে রংপুর মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) অমিত দাশগুপ্তকে এই আদেশ রংপুর পুলিশ প্রশাসনকে জানাতে এবং এই বিষয়ে পরবর্তী আদেশ দেওয়ার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শুনানির সময়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, তাজুলের মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো ভিসেরা রিপোর্ট হাতে পায়নি। যদিও পোস্টমর্টেম রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য তিনি আদালতের কাছে আরও সময়ও চেয়েছেন।

অমিত দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে জানান, তিনি রংপুর পুলিশের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

আদালত তাকে তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু প্রকাশ করতে নিষেধ করেছেন, বলেও জানান তিনি।

গত ১ নভেম্বর রংপুরের কাউনিয়ায় পুলিশি হেফাজতে তাজুলকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। 

২ নভেম্বর, হাইকোর্ট বেঞ্চ কথিত পুলিশ হেফাজতে মৃত্যু, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্থানীয় জনগণের হামলা এবং এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিলেন।