রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা চেয়ে রিট

স্টার অনলাইন রিপোর্ট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ বুধবার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এ রিট আবেদন করেন।

আদালত সূত্র জানায়, রিট আবেদনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, ১৪ শিক্ষার্থীর এ ধরনের শাস্তি কেন কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং অভিযুক্ত ৩ শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনকারীরা বলেন, 'সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিজ হাতে কাঁচি দিয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন। একজন নাগরিককে তার চুল কেটে দেওয়ার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক, বেআইনি এবং মৌলিক অধিকারের পরিপন্থী।'

তারা জানান, আগামীকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।