রাঙামাটিতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

রাঙামাটির লংগদু ও বরকল উপজেলা সীমান্ত এলাকায় লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে বরকল উপজেলার শিলছড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত লক্ষ্মী চাকমা (৪৫) লংগদু উপজেলার বাসিন্দা।

ওসি জসিম উদ্দিন বলেন, 'রাতে ঘটনাটি ঘটেছে বলে খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম সেখানে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তা ছাড়া এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।'

স্থানীয়রা জানান, রাতে ৪-৫ জনের একটি সশস্ত্র গ্রুপ লক্ষ্মী চন্দ্রের বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। লক্ষ্মী চন্দ্র চাকমা দীর্ঘদিন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) সঙ্গে জড়িত ছিলেন। তবে গত কয়েক বছর ধরে দলটি ত্যাগ করে সমস্ত কার্যক্রম থেকে বিরত ছিলেন। অনেকের ধারণা পূর্বঘটনা জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।