রাঙ্গুনিয়ায় ট্রাক্টর চালককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ট্রাক্টর চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের আজিমনগর এলাকায় বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়।

নিহত মোহাম্মদ এনাম (৩০) স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারী অজ্ঞাত কয়েকজন এনামের বাড়িতে হামলা করে। তিনি তখন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন। তিনি পাশের বাড়িতে গিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করলেও সন্ত্রাসীরা তাকে খুঁজে বের করে মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যায়।'

গুলি করার পর সেখানেই মারা যান এনাম। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।