লালবাগ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পুরাণ ঢাকার লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামের এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল এলাকার হারুন শেখের ছেলে হাফিজ। সে তার পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুরী লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। নিউমার্কেট এলাকায় হকার হিসেবে কাজ করত সে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম বলেন, 'খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুরী লেনের এনামুল হকের বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। ছাদের বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মরদেহটি। তার গলায়, ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।'

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাটের রশি ও রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।