রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজবাড়ীর পাংশা থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছেন। পরে ফরিদপুর র্যাব ক্যাম্পের গোয়েন্দা দল তৎপর হয়ে ঘটনার সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায়।
পরে বৃহস্পতিবার র্যাব-৮ পাংশা উপজেলার ভট্টাচার্য গ্রামে অভিযান চালিয়ে মো. আশরাফুজ্জান ওরফে আরিফ (৩৩), মো. মিন্টু মন্ডল (২৯) ও মো. মামুন শিকদারকে (৩১) গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ হাজার দুইশ ইয়াবা বড়ি, ৯টি সিমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান সংবাদ সম্মেলনে জানান, জিজ্ঞাসাবাদে তিন আসামি জানান তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
তিনি বলেন, 'উদ্ধার করা অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিন জনকে পাংশা থানায় সোপর্দ করা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, 'এ ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছে।'