রাজশাহীতে পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র-মাদক ও কোটি টাকা জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে অবৈধ অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মুক্তারের স্ত্রীকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুক্তার আলী ও তার দুই ভাতিজা গতকাল কলেজ প্রভাষককে মারধর ও তার ওষুধের দোকান ভাঙচুর করেছেন— এমন অভিযোগ পেয়েছি আমরা। ভুক্তভোগী কলেজ প্রভাষক আড়ানী থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলা আজ ভোররাতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।

অভিযানে মুক্তার আলীর ঘর থেকে চারটি অবৈধ পিস্তল, তিন ধরনের মাদকদ্রব্য হেরোইন-ইয়াবা-গাঁজা এবং নগদ প্রায় ৯৫ লাখ ও এফডিআরসহ এক কোটির বেশি টাকা পাওয়া যায়। যে কারণে মুক্তার আলীর স্ত্রীকে আটক করা হয়েছে। তবে মুক্তার আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে নানা অভিযোগ, মামলা ও দল থেকে বহিষ্কারের পরেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মুক্তার আলী আড়ানী পৌরসভার মেয়র নির্বাচিত হন।