রাজশাহীতে শিক্ষক খুন: আদালতে আসামির স্বীকারোক্তি
রাজশাহীতে অবসরপ্রাপ্ত শিক্ষক মায়া রাণী ঘোষ (৭০) হত্যা মামলায় গ্রেপ্তার মিলন শেখ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মাহবুবু্র রহমান এ জবানবন্দি গ্রহণ করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'নিহত মায়া রাণী ঘোষের প্রাক্তন ছাত্র ও এ মামলার আসামি মিলন আদালতে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। নিহতের সোনার গহনার লোভে তিনি তাকে হত্যা করেন।'
ওসি বলেন, 'মিলন আদালতকে বলেছেন যে তিনি ওড়না দিয়ে মায়া রাণী ঘোষের মুখ, নাক চেপে ধরে তাকে হত্যা করে এবং কানের দুল, হাতের চুড়ি, গলার মালা খুলে নিয়ে পালিয়ে যান।'
এর আগে, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর ঘোষপাড়ায় নিজ বাসা থেকে মায়া রাণী ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন মায়ার ভাই দেবাশীষ ঘোষ একটি হত্যা মামলা করেন। পরে, পুলিশ মায়ার প্রাক্তন ছাত্র মিলনকে গ্রেপ্তার করে।