রান্নাঘরের ধোঁয়া প্রতিবেশীর বাড়িতে, হামলায় নিহত নারী
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে রান্নাঘরের ধোঁয়া নিয়ে দ্বন্দ্বের জেরে খাদিজা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার চার জনকে রিমান্ডে দিয়েছেন আদালত।
তারা হলেন-রমজান আলী ব্যাপারি (৪৮), আল ইসলাম (৩৫), বকুল বেগম (৪০) ও আনোয়ার হোসেন ছৈয়াল (৪৩)।
আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সিগঞ্জ আদালত পরিদর্শক জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান ও টংগিবাড়ী সার্কেল) রাসেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, খাদিজা বেগমের সঙ্গে প্রতিবেশী রমজান আলীর দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল সন্ধ্যায় খাদিজা বেগমের রান্নাঘর থেকে ধোঁয়া রমজান আলীর বাড়িতে গেলে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে রমজানসহ তার লোকজন খাদিজাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের স্বামী রোববার রাত সাড়ে ১২টার দিকে ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আদালত পরিদর্শক জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, নারীকে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ আজ আদালতে চার জনের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত অভিযুক্ত রমজান আলী ব্যাপারি (৪৮) ও আল ইসলামের (৩৫) দুই দিন করে এবং বকুল বেগম (৪০) ও আনোয়ার হোসেন ছৈয়ালের (৪৩) একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া, এ ঘটনায় ১৬ বছরের এক কিশোরকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।