রাবির সেই নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ, ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ কার্য দিবসে যে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারীকে নিয়োগ দিয়েছিলেন সেটাকে আইন ও বিধি বহির্ভুত উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

এ বিষয়ে রিট দায়েরের পরিপ্রেক্ষিতে আদালত দুর্নীতি দমন কমিশকে (দুদক) অধ্যাপক আব্দুস সোবহানের করা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া এবং আগামী ১৪ নভেম্বরের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান তার গত ৬ মে তার মেয়াদের শেষ কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জনকে নিয়োগ দিয়ে যান। মন্ত্রণালয় সেদিনই এই নিয়োগ 'অবৈধ' ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে। সেই পরিপ্রেক্ষিতে গত ৮ মে সরকারের কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ১৩৮ জনের চাকরিতে যোগদান প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তদন্ত কমিটি গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ বেশ কয়েকজনের অনিয়মের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। প্রতিবেদনে আবদুস সোবহানের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়।