রুয়েট বাসচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এই মামলার রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইনতাজুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার জন হলেন— সোহেল রানা (৩৫), নূর নবী (২২), আনোয়ার হোসেন (২১) ও সাব্বির হোসেন (২০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এই মামলার অন্য দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হবে।

রুয়েট ক্যাম্পাসের ভেতরে ২০১৮ সালের ২৪ এপ্রিল অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের পাশের রাস্তায় রুয়েটের বাসচালক আব্দুস সালামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ইনতাজুল হক আরও বলেন, সোহেল রানার নেতৃত্বে একটি গ্রুপ ক্যাম্পাসে মাদক চোরাচালান করে আসছিল। আব্দুস সালাম এর প্রতিবাদ করেছিলেন। যে কারণে তাকে হত্যা করা হয়েছিল। সালামের ছেলে পলাশ বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছিলেন।