রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার সকালে শিশুটির বাবার করা মামলায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। আমরা তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

মামলার বরাত দিয়ে তিনি জানান, 'গত ১০ ডিসেম্বর রূপগঞ্জের একটি মার্কেট থেকে শিশুটি আরেকটি সমবয়সী শিশুর সঙ্গে বাসায় ফিরছিল। ওইসময় ২-৩ জন লোক শিশুটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অন্য শিশুটি পালিয়ে গিয়ে পরিবারে খবর দেয়। তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।'