রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের সলপ রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লাপাড়া থানা পুলিশ রাজশাহীর চারঘাট থানার নন্দনগাছি বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্ত আব্দুল হাই (৫২) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল হাই উল্লাপারা উপজেলার ভদ্রকল গ্রামের ময়েন আলির ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২২ আগস্ট বিকেলে গৃহবধূ তার স্বামীর সাথে সলপ রেলস্টেশনে লোকাল ট্রেনে ভ্রমণের জন্য যায়। স্টেশনের সামনে একটি দোকানে তাকে রেখে স্বামী বাইরে গেলে ওই গৃহবধূকে ভ্যানে তুলে নিয়ে যায় হাই ও তার সঙ্গের চার জন। স্টেশনের পাশে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন গৃহবধূর স্বামী।

ওসি জানান, গ্রেপ্তারকৃত হাই পুলিশের কাছে ঘটনায় জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করেছে। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।