রৌমারী সীমান্তে বিজিবি-‘চোরাকারবারি’ সংঘর্ষ, গুলি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও 'চোরাকারবারি'দের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভোররাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 'চোরাকারবারি'দের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তের কাছে আড়কি (বাঁশ দিয়ে তৈরি গরু পারাপারের বিশেষ যন্ত্র) দিয়ে গরু পারাপারের চেষ্টা করে একদল চোরাকারবারি। টের পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ছয় সদস্যের একটি টহল দল এ কাজে বাধা দেন।'

তিনি আরও বলেন, 'সেসময় ৫০ থেকে ৬০ জন চোরাকারবারি বিজিবির সদস্যদের ঘিরে ফেলে। পরে আত্মরক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তে গুলির ঘটনার কথা শুনেছি। কী কারণে, কার সঙ্গে ঘটেছে তা আমার জানা নেই।'