রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ১৪- এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

গ্রেপ্তাররা হলেন, নুর হোসেন (৩৮), আলী হোসেন (২২), নুর কাদের (২৩), মো. হাসান (২৫) ও মো. সৈয়দ (২৬)।

মো. নাইমুল হক জানান, শুত্রুবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এপিবিএন এর একটি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় ৫ জন জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডাকাতদের দলে থাকা আরো ১৪ থেকে ১৫ জন পালিয়ে যায়। গ্রেপ্তার ৫ জনের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, লোহার রড, তিনটি ধারালো দা ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সন্জুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার ৫ জন রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মাদক ও অস্ত্র  আইনের ধারায় মামলা রুজু হয়েছে। তাদেরকে আজ বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।'