রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ ‘আরসা’ সদস্য আটক
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ এপিবিএনের আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হচ্ছেন— কুতুপালং ক্যাম্পের সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ১/ইস্ট ক্যাম্পের মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) এবং মো. ইলিয়াস (২২)।
অভিযোগ রয়েছে তারা আরসার সদস্য পরিচয় দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল।
এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।