র্যাবের অভিযানে ৪৯৭ দালালের জরিমানা-কারাদণ্ড
সরকারি হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৯৭ জন দালালকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার র্যাবের ১৫টি ব্যাটেলিয়ন একযোগে এই অভিযান পরিচালনা করেছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৪৮ জন দালালকে ৯ লাখ টাকারও বেশি অর্থদণ্ড এবং ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য, পরিবহণ, পাসপোর্ট, বিআরটিএ এবং এমন বিভিন্ন খাতে দালালদের সক্রিয়তা ও আধিপত্য নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব এবং আজ একযোগে অভিযান চালায়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।