লকডাউনে কুলখানির আয়োজন, খাবার জব্দ করে এতিমখানায় বিতরণ ও জরিমানা
মানিকগঞ্জে লকডাউন না মেনে বাড়িতে লোকসমাগম করে কুলখানির আয়োজন করার দায়ে বাড়ির মালিককে জরিমানা এবং খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব খাবার জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন এ অভিযানের নেতৃত্ব দেন।
তাছলিমা শিরিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাগজান গ্রামের লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন, এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই। সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে করোনা সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে তাদের ২০ হাজার টাকা জরিমানা করেছি।’
‘পাশাপাশি দুই শতাধিক মানুষের জন্যে আয়োজিত সব খাবার জব্দ করে সেগুলো সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছি’, বলেন তাছলিমা।
স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা এবং পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।