লালমনিরহাটে উদ্ধার নবজাতককে দত্তক নিতে ৪০ দম্পতির আবেদন
লালমনিরহাটে রাস্তা থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুকে দত্তক নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৪০ দম্পতি আবেদন করেছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই ৪০ দম্পতি তাকে ফোন করে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে শিশু নিবিড় পরিচর্যা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের শিশু ও নবজাতক চিকিৎসক ডা. তপন রায় জানান, শিশুটি সুস্থ রয়েছে।
ওসি শাহা আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটিকে দত্তক নিতে আগ্রহীদের ফোন এখনও আসছে। আমরা শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজে বের করাতে তদন্ত করছি। তদন্ত শেষে পুলিশ আদালতকে অবহিত করবে এবং আদালতই শিশুটিকে দত্তক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শিশুটি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকবে।'
পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক শিশুটির খোঁজ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
গতকাল সকালে কে বা কারা নবজাতক কন্যা শিশুটিকে লালমনিরহাট শহরের পুরানবাজার খাদ্য গুদাম এলাকায় একটি ডাস্টবিনের পাশে রাস্তার ওপর ফেলে যায়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর নুর ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাসার পাশেই এ ঘটনা। শিশুটির কান্নার শব্দ শুনে আমরা বাইরে যাই। এর মধ্যেই স্থানীয় একজন ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।'
তিনি আরও বলেন, 'ধারনা করা হচ্ছে অন্য কোনো এলাকার কেউ শিশুটিকে এভাবে রেখে গেছেন। আমিও নিজে থেকে এ ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছি।'
লালমনিরহাট শহরের নিঃসন্তান নারী তারিন ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ও আমার স্বামী শিশুটিকে দত্তক নেওয়ার চেষ্টা করছি। আমরা আদালতেও আবেদন করব। আমার সংসারে কোনো অভাব নেই। শুধু একটা সন্তানের অভাবে সব খালি লাগে।'
