শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, পুলিশসহ আহত ৫
শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ দ্য ডেইলি স্টারকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে মা ইলিশ শিকারের খবর পেয়ে কাচিকাটা ইউনিয়নে পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। তারা একটি স্পিডবোট নিয়ে অভিযানে গেলে মরিছাকান্দি এলাকায় জেলেরা তাদের ওপর হামলা করে।'
'এ সময় স্পিডবোটটি উল্টে যায়। এ হামলায় মৎস্য বিভাগের ৩ জন কর্মী ও ২ জন পুলিশ সদস্য আহত হন,' বলেন তিনি।
আহতরা হলেন-মৎস্য সম্প্রসারণ বিভাগের কর্মী জাহাঙ্গীর হোসেন, ওমর আলী ও মাঠ ক্ষেত্র সহকারী কর্মকর্তা বিশ্বজিৎ দাস এবং সখিপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য মেহেদী হাসান।
ইউএনও জানান, আহতদের চিকিৎসার জন্য চাঁদপুরে নেওয়া হয়েছে।
সখিপুর থানার উপপরিদর্শক মিরাজ হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, হামলায় পুলিশের ২টি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। পরে ১টি অস্ত্র উদ্ধার হলেও অপরটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার দ্য ডেইলি স্টারকে জানান, শনিবারে জেলায় অভিযান চালিয়ে ৯৮ হাজার মিটার জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে।
এছাড়া, অভিযান চালিয়ে জাজিরা ও ভেদরগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ৫২ জেলেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।