শরীয়তপুরে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে জাজিরা পৌরসভার সাবেক মেয়রের ছেলে মাসুদ বেপারীকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শরীয়তপুরের বিচারক আব্দুস সালাম খান এই রায় দেন।

মামলার আরেক আসামি শরীফ সরদারকে (২১) মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

বাদী পক্ষের কৌশলী (পিপি) মির্জা হযরত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এই মামলায় বাদী পক্ষের আরও ২ আইনজীবী হলেন আজিজুর রহমান রোকন ও শহীদুল ইসলাম সজিব।

আইনজীবী আজিজুর রহমান রোকন দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১৯ সালের ২৯ জুন সন্ধ্যা ৭ টার দিকে ওই কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করেন মাসুদ। সাজাপ্রাপ্ত মাসুদ জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুস বেপারীর ছেলে।'

তিনি আরও জানান, রায়ে ধর্ষণে সহায়তাকারী শরীফ সরদারকে খালাস দেওয়ায় বাদীপক্ষ এই রায়ে অসন্তোষ জানিয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

আসামিপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান নজরুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিচারক রায় দিয়েছেন, তার রায়ের প্রতি সম্মান জানিয়ে হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।'