শরীয়তপুরে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৯ আসামির যাবজ্জীবন
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাতবর, জুলহাস মাতবর ও চান মিয়া। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুল হালিম মোল্লা, আজিজুল মাতবর, ফারুক খান, আজাহার মাতবর, মীজান মীর, আকতার গাজী, জলিল মাতবর, এমদাদ মাতবর ও লাল মিয়া। তাদেরও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।
এই মামলায় খালাস পেয়েছেন আজিবর বালী, আব্দুল খন্দকার, খোকন বেপারী, আজাহার মোল্লা ও ছোরাব মোল্লা।