শার্শায় ক্লিনিক থেকে শিশু চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্লিনিক থেকে ১ দিনের শিশু চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত রিংকু চক্রবর্তীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিংকু (২১) বেনাপোলের বিত্তিআঁচড়া গ্রামের সুজন হোসেনের স্ত্রী।
যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রিংকু চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। আগের দিন রাতে ঝিকরগাছার বাকড়া হাজিরবাগ গ্রামের শাহিনের স্ত্রী নাছিমা খাতুন ও একই উপজেলার রায়পটন গ্রামের ইয়াকুবের ছেলে সাজুকে গ্রেপ্তার করা হয়।'
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই জিয়াউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিংকু চক্রবর্তী ও সাজু নবজাতক চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা গত ৯ সেপ্টেম্বর নাভারণ ক্লিনিক থেকে ১ দিনের শিশুকে চুরি করে নাছিমার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে।'
তিনি আরও বলেন, 'অভিযুক্ত নাসিমা ও সাজুকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।'