শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ পৌর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল কলোনি থেকে ইয়াবা ট্যাবলেটসহ পৌর আওয়ামী লীগের এক নেতাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

গতকাল রোববার রাতে তাদের আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে। তিনি শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার লাল মিয়ার ছেলে।

আটক অপরজন হলেন একই উপজেলার দক্ষিণ বড়চর এলাকার আব্দুল মালেকের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫)।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল-নোমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মাসুদুর রহমান ও উজ্জ্বল হোসেনকে আটক এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর জব্দ আলামতসহ ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।