শিক্ষকের নির্যাতনে সাড়ে ৪ বছরের শিশু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে ৪ বছরের এক শিশুকে সারাগায়ে বেত্রাঘাত এবং মাথায় ও মুখে আঘাতের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। নির্মম মারধরের শিকার শিশুটি বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযুক্ত মুফতি আবু সাঈদ মারকাযুশ শায়খ হুসাইন আহমদ মাদানী (রহঃ) মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

মাদ্রাসা কমিটির সভাপতি এ বি এম আরিফুর রহমান সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আমি জানার পর শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছি। তার চিকিৎসা চলছে।'

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদি আমতলা বাজারে শিশু ইসমাইল হোসেনকে বেধড়ক মারধর করেন শিক্ষক আবু সাঈদ। মারধরের এক পর্যায়ে শিশুটি সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এতে করে তার মাথায় ও মুখে জখমের সৃষ্টি হয়। এছাড়াও তার সমস্ত শরীরে বেতের আঘাতের চিহ্ন আছে।

শিশু ইসমাইলের পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবার বিয়ে বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে। বাবা সুলতান মিয়া আবারও বিয়ে করে ঢাকায় থাকেন। শিশুটি বৃদ্ধ দাদীর কাছে থাকে এবং ৩ মাস আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মুনসুর বলেন, শিশুটিকে বেশ মারধর করা হয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। তবে তার মুখ ও মাথার আঘাতের চিহ্ন একটু গভীর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।