শিক্ষার্থীদের চুল কাটার মামলায় শিক্ষকের জামিন নামঞ্জুর
লক্ষ্মীপুরের রায়পুরে ৬ মাদ্রাসা শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের রায়পুর আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারেক আজিজের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকোচ করে ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লক্ষ্মীপুর কোর্ট পরিদর্শক দুলাল কিশোর মজুমদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষক মঞ্জুকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীর পাড় এলাকা থেকে আটক করা হয়। ওইদিন মধ্যরাতে মাদ্রাসা শিক্ষার্থী শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।