শিবচরে ইলিশ ধরায় ৭ জনকে ১ বছর করে কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরে পদ্মা নদীতে ইলিশ ধরায় ৭ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার ভোর ৫ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম আজ সন্ধ্যায় টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিবচরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এম রকিবুল হাসান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, আজ উপজেলা প্রশাসনসহ শিবচর থানা পুলিশ, উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে ৭ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড এবং ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অভিযানে, ১ লাখ ৮ হাজার মিটারের বেশি কারেন্ট জাল ও ৩৬ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দান করা হয়েছে, তিনি যোগ করেন।