শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন
রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি মনির খান শরীয়তপুর জেলার নড়িয়ার বাসিন্দা এবং তিনি পলাতক।
আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি দুই জনের সহায়তায় শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণের পর আসামি মনির স্বজনদের সহযোগিতায় ঢাকা, শরীতপুরসহ বিভিন্ন বাড়িতে নিয়ে রাখে শিশুটিকে। এক বছরের বেশি সময় পর ২০১৭ সালের ১৩ মে অপহৃত শিশুটি ফোন করে তার পরিবারের কাছে সব জানায়। ওইদিনই শিশুটির মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।