শিশু ধর্ষণ বৃদ্ধিতে এমজেএফের উদ্বেগ, সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

স্টার অনলাইন রিপোর্ট

দেশে শিশু ও নারী ধর্ষণের ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। 

গতকাল বুধবার পাবনা ও সিরাজগঞ্জে একজন শিশু ও নারী ধর্ষণ ও ধর্ষণের পর মৃত্যুর সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর এমজেএফ এই উদ্বেগ জানায়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম, শিশু ও নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধির কারণ উদঘাটন করে, কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিশু ও নারীর নিরাপত্তা বিধানের  জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৫০৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ৪৯ জনের বয়স ৬ বছরের নিচে এবং ৯৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের এর মধ্যে। 

একই সময়ে ৮১৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৭১ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার। 

বিচারহীনতার কারণে নারী ও শিশু ধর্ষণের ঘটনা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে জানায় এমজেএফ।