শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের অন্তর্বর্তী জামিন
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার শ্রম আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
অপর ৩ অভিযুক্ত হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও পরিচালক মোহাম্মদ শাহজাহান।
গত ৯ সেপ্টেম্বর কারখানা পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (জেনারেল) এসএম আরিফুজ্জামান মামলাটি করেন।
মামলা গ্রহণ করে অভিযুক্ত ৪ জনকে ১২ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
মামলার নথিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করে কারখানা পরিদর্শন বিভাগের পরিদর্শকরা শ্রম আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পান।
জামিন আবেদনের বিষয়ে গ্রামীণ টেলিকম এক বিবৃতিতে জানায়, এ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা শ্রম আদালতে কয়েকটি মামলার অধীনে শ্রম আদালত ও হাইকোর্টে বিচারাধীন আছে। সে বিষয়গুলো নিষ্পত্তি হলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এখন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আরেকটি মামলা করায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৩ জন পরিচালক শ্রম আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন।