সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ২ যুবক হলেন-শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের সামিউল ইসলাম ওরফে সামি (২২) ও ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের তাপস সরকার (১৯)।
এ ঘটনায় সোমবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থীকে গত ২ মার্চ সামিউল ও তাপস ধর্ষণ করে।
সে সময় তারা ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করেন। ওই শিক্ষার্থী এ ঘটনা কাউকে জানালে, তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন।
গতকাল রোববার ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে ওই শিক্ষার্থীর পরিবার বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানায়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সামিউল ও তাপসকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী ডেইলি স্টারকে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ২ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'