সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট জনের চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওই আট জনকে আজ শনিবার বিকেলে আদালতে হাজির করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই আট জনের প্রত্যেকের ১০ দিনের করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় আজ দুপুরে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম (৭০), হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৪) ও মো. সালাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে অগ্নিকাণ্ডের উদ্ধারকাজ শেষ হয়েছে বলে ডেইলি স্টারকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস আজ বিকেল ৫টা ২০ মিনিটে পুলিশ ও কারখানার কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দিয়েছে।’