সন্তানদের ফিরে পেতে হাইকোর্টে জাপানি নারীর রিট

স্টার অনলাইন রিপোর্ট

নাবালিকা দুই কন্যাকে ফিরে পেতে এক জাপানি নারী বাংলাদেশে এসে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে আদালতের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদনটি জমা দিয়েছেন। তাতে সন্তানদের জিম্মায় নেওয়ার নির্দেশনা চেয়েছেন তিনি।

নাকানো এরিকো (৪৬) পেশায় চিকিৎসক। চলতি বছরের ১৮ জুলাই তিনি বাংলাদেশে আসেন।

এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরানের (৫৮) জাপানি আইন অনুযায়ী বিয়ে হয়। টোকিওতে বাসবাস শুরু করেন। তাদের তিনটি সন্তান রয়েছে— জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। এরা তিন জনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিলেন।

এরিকোর আইনজীবী শিশির মনির বলেন, আবেদনের উল্লেখ করা হয়েছে, শরীফ ইমরান বর্তমানে ঢাকার আদাবর থানাধীন মোহাম্মদীয়া হাউসিং সোসাইটিতে বসবাস করছেন। তিনি নাবালিকা দুই কন্যাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

জাপানের আদালতে চলতি বছরের ১৮ জানুয়ারি ডিভোর্স আবেদন করেন। কিন্তু নির্ধারিত শুনানির তারিখে তিনি আদালতে হাজির হননি।

ইমরান ২১ ফেব্রুয়ারি তার দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এরিকো তার দুই সন্তানকে আদালতে হাজির করার আবেদন করেছেন।

আবেদনে তিনি আরও উল্লেখ করেছেন, শরীফ ইমরান তার কন্যাদের নিয়ে এসে এবং যোগাযোগ বন্ধ করে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করেছেন।

শিশির মনি দ্য ডেইলি স্টারকে বলেন, আদালত পরে আবেদনের ওপর শুনানি নেবেন।