সন্তানের অভিভাবকত্বের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

দেশের পারিবারিক আদালতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে দায়ের করা মামলাগুলো ৬ মাসের মধ্যে শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে আইন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে নির্দেশটি জানাতে বলা হয়েছে।

আজ রোববার রংপুরের এক মায়ের হেফাজত চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে রিট আবেদনকারীর দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে ঢাকার পারিবারিক আদালতকে নির্দেশ দিয়েছেন বেঞ্চ।

ওই শিশুর মা'কে (রিট আবেদনকারী) মামলার বিচার প্রক্রিয়াচলাকালীন তার সুবিধাজনক সময়ে শিশুর সঙ্গে দেখা করার অনুমতি দিতেও বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেপুল বাগমার দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট পারিবারিক আদালতকে ৬ মাসের মধ্যে শিশুদের হেফাজত নিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। কারণ, এ ধরনের অনেক মামলা দীর্ঘ সময় ধরে (দুই থেকে তিন বছর) কোনো বিচার ছাড়াই এই আদালতে বিচারাধীন আছে।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, রিট আবেদনকারী রংপুরের ওই নারী ২০১১ সালে রাজশাহীর এক ব্যক্তিকে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু, তারা ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর থেকে শিশুটি তার বাবার সঙ্গে ছিল।

এই আইনজীবী আরও বলেছেন, শিশুটির মা হেফাজত চেয়ে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন। পারিবারিক আদালত মামলাটি নিষ্পত্তি না করায় তিনি এ বছর হাইকোর্টে রিট পিটিশন জমা দেন।

আবেদনের শুনানির সময় আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ শিশুটির বাবার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন।