সম্পর্কচ্ছেদের জেরে ইন্টারনেটে ভিডিও ছড়ানোর হুমকি, যুবক গ্রেপ্তার
সম্পর্কচ্ছেদের জেরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাউজান উপজেলার পৌর এলাকা থেকে গ্রেপ্তার ওই যুবকের নাম নিউটন বড়ুয়া (২৮)। তার বাড়ি পটিয়া উপজেলার বাকখালি গ্রামে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, নিউটন বিবাহিত হওয়ার কথা গোপন করে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতেন। সম্পর্কচ্ছেদের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতেন।
এ ব্যাপারে রাউজান থানায় এক তরুণীর মায়ের মামলায় আজ নিউটনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, 'ভুক্তভোগী তরুণীর সঙ্গে নিউটনের বছরখানেক সম্পর্ক ছিল। নিউটনের বিয়ের কথা জানতে পেরে ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এর পরই নিউটন তাদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দেড় লাখ টাকা আদায় করেন।'