সাতকানিয়ায় কৃষকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত বৃহস্পতিবার কৃষকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার উপজেলার তুলাতলী গ্রামে স্থানীয় কৃষকদের ওপর হামলা চালায় পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা। এতে, স্থানীয় অন্তত ৭ জন কৃষক গুলিবিদ্ধ হন।

ওসি জানান, হামলায় আহত আব্দুল মালেক শুক্রবার রাতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর শ্যালক রুহুল্লাহ চৌধুরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, 'মামলার পর আজ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চট্টগ্রাম আদালতে নিয়ে যাওয়া হয়েছে।'

'রুহুল্লাহসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি,' বলেন তিনি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ সাত জনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। তারা সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।

হামলায় আহত আবদুল মালেককে শুক্রবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল। এতে কৃষিকাজ ব্যাহত হলেও, ক্ষতিপূরণ নিয়ে কেউ তাদের সঙ্গে কথা বলেনি।

স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছিল বলে তাদের অভিযোগ।

সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর শ্যালক রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কৃষকদের ওপর হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেন।

তবে, যোগাযোগ করা হলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, তারা ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। কিন্তু, কেউ ক্ষতিপূরণ দাবি করেনি।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।