সাতক্ষীরায় ধানখেত থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে ধানখেত থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩) ও একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।
শোভনালী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হান্নান পাড় দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইঁদুর থেকে ফসল রক্ষার জন্য ধানখেতের চারিদিকে তারের বেড়া দিয়েছেন কবির। প্রতিদিন সন্ধ্যায় ওই তারে বিদ্যুৎ সংযোগ দেন। আজ সকালে গিয়ে মরদেহ ২টি দেখতে পান তিনি।'
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ঘটনা নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের শরীর ঝলসানো ছিল।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে কারণ নিশ্চিত করা যাবে। ওই ঘটনায় ধানখেতের মালিক কবির হোসেনকে আটক করা হয়েছে।