সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ঢাকার শ্যামলীতে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যার 'মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে' গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— মো. জাকির হোসেন (৩৭) ও মো. সাইফুল (২৬)। তাদের মধ্যে জাকিরকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সাইফুলকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে র্যাব। তারা ২ জনই দিনাজপুর জেলার বাসিন্দা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলীতে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে হত্যা করা হয় ৭২ বছর বয়সী আনোয়ার শহীদকে।
তার পরিবারের সদস্যরা জানান, কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন।
পরের দিন নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা আদাবর থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে জাকির ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।
আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন। ১২ বছর আগে তিনি অবসরে যান।
র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, দিনাজপুরে কর্মরত অবস্থায় আনোয়ার শহীদের সঙ্গে জাকির হোসেনের পরিচয় ও ঘনিষ্টতা তৈরি হয়। জাকির তার কাছ থেকে ১২ লাখ টাকা ধার নিয়েছিলেন।