সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ঢাকার সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাতে সাভারে রাজাশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, নিহত সোহেল হোসেন (২৮) নীলফামারীর জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে। তিনি সাভারে রাজাশন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, 'পরিচিতরা সোহেলকে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
পূর্বের কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
নিহতের বাবা মোকছেদুল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সোহেল রিকশার ওপর পড়ে আছে এমন সংবাদ পেয়ে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের পেট দিয়ে রক্ত ঝরছে। পরে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'