সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টার অনলাইন রিপোর্ট

আদালতের নির্দেশের পরও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

নির্দেশনা না মানায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না, তা ৪ সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

গণসংহতি আন্দোলনের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে বলেন, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ২০১৯ সালের ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য সিইসি এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের রায়ের অনুলিপি সিইসি ও ইসির কাছে জমা দেওয়া হলেও কমিশন এখনো গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেনি, যা আদালত অবমাননার শামিল।

এই আইনজীবী বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সিইসি কাজী হাবিবুল আউয়ালের।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।