সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণ চলছে। আজ রোববার সকাল সোয়া ১০টায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় সিনহা হত্যা মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। পঞ্চম দফার সাক্ষ্যগ্রহণ ও জেরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রথম দিনে আজ মামলার সাক্ষী বেবী বেগমকে জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। চতুর্থ দফায় গত ২৯ সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবীদের জেরা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। যে কারণে আজ আবারও বেবী বেগমকে জেরা করা হয়। ২২ সেপ্টেম্বর আদালত সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারিক আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় ৪ দফায় ১৮ জন সাক্ষীর সম্পূর্ণ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এরা হলেন— মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী সাহিদুল ইসলাম সিফাত, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমিন, মোহাম্মদ কামাল হোসেন ও হাফেজ শহীদুল ইসলাম, আবদুল হামিদ, ফিরোজ মাহমুদ ও শওকত আলী, হাফেজ জহিরুল ইসলাম, চিকিৎসক রণধীর দেবনাথ, সেনা বাহিনীর সার্জেন্ট আইয়ুব আলী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী, মোক্তার আহমদ, ছেনোয়ারা বেগম, হামজালাল, আলী আকবর ও নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার এম. নুরুল কবির জানিয়েছেন, 'আজ রোববার আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য চার্জশিটের তালিকাভুক্ত ৩০ থেকে ৩৯ নম্বর, আগামীকাল ৪০ থেকে ৪৯ নম্বর এবং ১২ অক্টোবর ৫০ থেকে ৫৯ নম্বরসহ মোট ৩০ জন সাক্ষীকে সমন দেওয়া হয়েছে।'

বিচারিক আদালতের সহকারী কৌঁসুলি জিয়া উদ্দিন আহমদ ডেইলি স্টারকে জানিয়েছেন, আসামি পক্ষের আইনজীবীরা জেরা দীর্ঘায়িত করায় নির্ধারিত সময়ে কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে না।