সিনহা হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য

আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় তৃতীয় দিনে আজ বুধবার শুধু একজন সাক্ষীকে জেরা করা হয়েছে। আদালত আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদুল আলম জানান, আজ সকাল সাড়ে ১০টায় মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ও কক্সবাজার র‍্যাব-১৫ তে ওই সময় কর্মরত পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। আসামি পক্ষের আইনজীবীরা তাকে বিকেল ৫টা পর্যন্ত জেরা করেন।  

এরপর তাকে জেরা অসম্পন্ন রেখে বিচারিক কার্যত্রুম মূলতবি রেখে পরবর্তী দিন নির্ধারণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। জেরা চলাকালীন আদালতের কাঠগড়ায় মামলার ১৫ আসামির সবাই উপস্থিত ছিলেন।

আলোচিত এ মামলা পরিচালনায় পিপিকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন অতিরিক্ত পিপি মোজাফফর আহমদ হেলালী ও সহকারী পিপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন আহমদ।

সহকারী পিপি জিয়া উদ্দীন আহমদ বলেন, 'মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলামের জেরা আজও (বুধবার) শেষ হয়নি। ২৯ নভেম্বর তাকে আবার আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। তাকে জেরা করা শেষ হলে নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।'