সিলেটে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফুল ইসলাম রাহাত (১৭) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে এবং ওই কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, হামলাকারীও ওই কলেজের সাবেক শিক্ষার্থী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান তালকুদার বলেন, 'কথাকাটাকাটির জের ধরে রাহাতের পায়ে ছুরিকাঘাত করে হামলাকারী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাহাতকে মৃত ঘোষণা করেন। হামলাকারী কলেজের সাবেক শিক্ষার্থী বলে জানতে পেরেছি। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।'
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলেজ ফটকের ভেতরেই এ ঘটনা ঘটেছে। প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।'
অধ্যক্ষ জানান, শিক্ষার্থী হত্যার ঘটনায় আগামীকাল শুক্রবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় ও রাহাতের সহপাঠীরা। পরে পুলিশের আশ্বাসে ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।