সিলেট বিমানবন্দরে জুসার মেশিন থেকে ৬ কেজি সোনা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর লাগেজে জুসার মেশিনের ভেতর থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ওই ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আজ সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ বিমান থেকে এই সোনা উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আল আমিন।

আটক পরেন্দ্রনাথ দাশ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, বিমানবন্দরে অবতরণের পর পরেন্দ্রনাথ দাশের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে লাগেজে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

পরে লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিনের ভেতর থেকে ৩৮টি সোনার বার ও একটি গলানো সোনার চাকতি উদ্ধার করা হয় বলে জানান মোহাম্মদ আল আমিন।